২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির নতুন অধ্যায়, স্মার্ট ম্যাচ বল
Date: 2026-06-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ২:২৩ পি.এম
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির নতুন অধ্যায়, স্মার্ট ম্যাচ বল
অ-অ+
অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক যুগের
সূচনা হতে যাচ্ছে ২০২৬ আসরে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য
এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। একই সঙ্গে মাঠে দেখা যাবে অত্যাধুনিক
প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট ম্যাচ বল, যা রেফারিং ব্যবস্থাকে আরও নিখুঁত করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল হিসেবে
ব্যবহৃত হবে ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’। বলটির ভেতরে সংযুক্ত রয়েছে উন্নত মোশন সেন্সর,
যা বলের প্রতিটি স্পর্শ, গতি ও গতিপথ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে সক্ষম। এসব
তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থায় পৌঁছাবে, ফলে অফসাইড,
হ্যান্ডবলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত ও আরও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। স্মার্ট প্রযুক্তি ব্যবহারের কারণে
বলটির জন্য রাখা হয়েছে বিশেষ চার্জিং সুবিধা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত চার্জিং স্টেশনে
বলগুলো চার্জ করা হবে। একবার পূর্ণ চার্জে বলটি কয়েক ঘণ্টা সক্রিয়ভাবে কাজ করতে পারবে।
মাঠের বাইরে থাকলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে শক্তি-সাশ্রয়ী অবস্থায় চলে যাবে, যা ব্যাটারির
স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। প্রযুক্তির পাশাপাশি নকশাতেও রয়েছে
ভিন্নতা। আয়োজক তিন দেশের সংস্কৃতি ও পরিচয়ের প্রতিফলন ঘটাতে বলটির নকশায় ব্যবহার করা
হয়েছে বিভিন্ন প্রতীকী উপাদান। রঙের সমন্বয় ও বিশেষ গ্রাফিক্স বলটিকে দিয়েছে আলাদা
আকর্ষণ। বাজারেও বলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি
হয়েছে। এটি প্রো, কম্পিটিশন, লীগ ও ক্লাব—এই চারটি সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে প্রো
সংস্করণটি বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল হিসেবে ব্যবহৃত হবে। অন্য সংস্করণগুলো সাধারণ
খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের জন্য বাজারজাত করা হবে। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট বল প্রযুক্তির
সংযোজন বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়াবে। ফলে বিতর্কিত সিদ্ধান্ত
কমে আসার পাশাপাশি খেলার মানও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more