বাউফলের তিন সহোদর প্রতিবন্ধীর জন্য প্রশাসনের সুরক্ষা বলয়, জমা প্রায় ১২ লাখ
Date: 2026-06-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৯:০৯ এ.এম
বাউফলের তিন সহোদর প্রতিবন্ধীর জন্য প্রশাসনের সুরক্ষা বলয়, জমা প্রায় ১২ লাখ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা
তিন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সহোদরের জন্য বিশেষ ব্যাংক হিসাব খুলে দিয়েছেন উপজেলা
প্রশাসন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ওই হিসাবে ইতোমধ্যে প্রায় ১২ লাখ
টাকা জমা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
সালেহ আহমেদের উদ্যোগে তিন প্রতিবন্ধী সহোদর নিদু, রিপন ও সাধনের নামে একটি যৌথ ব্যাংক
হিসাব খোলা হয়। একই সঙ্গে তাদের জন্য এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও প্রদান
করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার ধুলিয়া
ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামের ওই তিন সহোদর বাবা-মাকে হারানোর পর দীর্ঘদিন ধরে চরম
অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন। বিষয়টি স্থানীয় এক কলেজ শিক্ষার্থী অমিত উপজেলা নির্বাহী
কর্মকর্তার নজরে আনলে প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করে। অগ্রণী ব্যাংক বাউফল শাখায় খোলা যৌথ হিসাবটিতে রোববার পর্যন্ত
১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে। হিসাবটি তিন ভাইয়ের নামে খোলা হলেও এর তত্ত্বাবধান
করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ভুক্তভোগীদের প্রয়োজন
অনুযায়ী হিসাব থেকে অর্থ উত্তোলন ও ব্যয়ের ব্যবস্থা করা হবে। ইউএনও সালেহ আহমেদ জানান, তিন প্রতিবন্ধী ভাইয়ের দীর্ঘমেয়াদি
নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রশাসনিক
ধারাবাহিকতা বজায় রাখতে এ সংক্রান্ত একটি নথিও উপজেলা প্রশাসনে সংরক্ষণ করা হয়েছে,
যাতে পরবর্তী কর্মকর্তারাও তাদের বিষয়ে প্রয়োজনীয় নজরদারি রাখতে পারেন। তিনি আরও জানান, জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর
নির্দেশনায় তাদের নগদ সহায়তা, খাদ্যসামগ্রী এবং প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করার উদ্যোগ
নেওয়া হয়েছে। এদিকে, তিন সহোদরের অসহায় জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে
সংবাদ প্রকাশের পর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন
অনেকেই। ফলে অল্প সময়ের মধ্যেই তাদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, প্রশাসনের এই উদ্যোগ তিন অসহায় প্রতিবন্ধী
ভাইয়ের জীবনে নতুন আশার আলো তৈরি করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more