পটুয়াখালী প্রতিনিধি:
সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটক
নিহত হয়েছেন। এ ঘটনায় আরও
তিন পর্যটক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল
সাড়ে ১০টার দিকে কুয়াকাটা-মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, জিসান, রাব্বি ও আবির নামে
তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। সকালে তারা মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেবুরবন এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচানোর
চেষ্টা করেন মোটরসাইকেলচালক। এ সময় মোটরসাইকেলটির
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন এবং রাস্তা পার হতে যাওয়া ওই পর্যটকসহ মোট
চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।