প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২৬, ৫:১৮ এ.এম
১০ টাকার টিফিনের সঞ্চয়ে ৬৪ জেলায় শিক্ষার আলো
অ-অ+
অনলাইন ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দির দুই ভাই-বোনের একটি ছোট্ট মানবিক প্রয়াস আজ ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে রূপ নিয়েছে এক সুবিশাল তারুণ্যের শক্তির।
২০০৫ সালের সেই একটি ঘটনা দাউদকান্দির পশ্চিম নোয়াদ্দা গ্রামের দুই ভাই-বোন কাওসার আলম সোহেল ও ফারজানা আক্তার। ২০০৫ সালে কাওসার নবম ও ফারজানা সপ্তম শ্রেণিতে পড়ার সময় তাদের চোখের সামনে ঘটে এক মর্মান্তিক ঘটনা। এক সুবিধাবঞ্চিত শিশুকে কাজে পাঠানোর জন্য তার মা-বাবা মারধর করছিলেন, অথচ শিশুটি আকুল হয়ে বলছিল সে পড়তে চায়।
সেই ঘটনা ভাই-বোন দুজনের মনে গভীর রেখাপাত করে। তারা নিজেদের বৃত্তির জমানো টাকা তুলে দেন শিশুটির পরিবারের হাতে, ফলে শিশুটি আবার স্কুলে ফেরার সুযোগ পায়। সেই থেকেই নিজেদের খরচের টাকা বাঁচিয়ে পথশিশুদের খাতাপত্র ও শিক্ষা উপকরণ কিনে দেওয়ার কাজ শুরু করেন তারা।
২০১১ থেকে শুরু প্রাতিষ্ঠানিক যাত্রা দুই ভাই-বোনের সেই ব্যক্তি উদ্যোগ ২০১১ সালের মে মাসে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে সামাজিক সংগঠনের রূপ নেয়। এতে যুক্ত হতে শুরু করেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সদস্যরা মাসে নিজ টিফিনের টাকা থেকে বাঁচিয়ে দেন মাত্র ১০ টাকা।
আজ এই সংগঠনের সদস্যসংখ্যা আড়াই হাজারের বেশি। শিক্ষা উপকরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দেওয়া এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পৌঁছে দেওয়া তাদের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে।
৪৫ লাখ শিক্ষার্থীর সচেতনতা ও বৃক্ষরোপণ সংগঠনটি শুধু শিক্ষা উপকরণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে মাদক, বাল্যবিয়ে, দুর্নীতি, ইভটিজিং, মোবাইল আসক্তি ও কিশোর অপরাধ রোধে তারা শিক্ষার্থীদের সচেতন করে আসছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলমের মতে, গত ১৫ বছরে তারা প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন করেছেন এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। পরিবেশ রক্ষায় তারা এ পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ করেছেন।
সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুরের একটি স্কুলে কাওসারের ১ হাজার ৯৪১তম সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করতে ও তাদের মাঝে সহমর্মিতার বীজ বুনে দিতে এই খুদে সঞ্চয়ের মডেলটি একটি বিরল উদাহরণ সৃষ্টি করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more