২২ হাজার কোটি টাকার টার্মিনাল জাপানের হাতে, দেশের স্বার্থ কতটুকু সুরক্ষিত?
নভেম্বর ১৭, ২০২৬, ১:০০ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ১:০০ পি.এম
২২ হাজার কোটি টাকার টার্মিনাল জাপানের হাতে, দেশের স্বার্থ কতটুকু সুরক্ষিত?
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের অক্টোবরের শেষের দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান ভ্রমণ করেন। সেই সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। কারণ চারটি জাপানি কোম্পানির কনসোর্টিয়ামকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে, চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে এই মাসেই চুক্তি সই করা হবে। বেবিচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের কাছে কয়েকটি কঠিন শর্তে রাজি হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে বেশিরভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট সেখান থেকেই পরিচালিত হবে। আয় ভাগাভাগির শর্ত নিয়েও বাংলাদেশের লোকসান হওয়ার সম্ভাবনা আছে। তবে সবচেয়ে আলোচিত শর্তটি হলো, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না। বিমান পরিবহন বিশেষজ্ঞদের অনেকের মতে, এসব শর্তের মাধ্যমে বাংলাদেশের স্বার্থের জলাঞ্জলি দেওয়া হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বানাতে খরচ হয়েছে ২২ হাজার কোটি টাকারও বেশি। টার্মিনালটি নির্মাণের জন্য জাইকার কাছ থেকে ঋণ নিয়েছিল বাংলাদেশ সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই তা উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো দুই টার্মিনালের যাত্রী সামলানোর সক্ষমতা বছরে প্রায় ৮০ লাখ। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রকল্প নথিতে দেখা যায়, শাহজালালে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা প্রায় ৭৯ লাখে পৌঁছেছিল।
তার মানে ঢাকার বিমানবন্দর অনেক আগেই তার টার্মিনালের ধারণক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল। এই চাপ সামলাতে নতুন যাত্রী টার্মিনালের পাশাপাশি কার্গো টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রকল্প নেওয়া হয়। তখন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনাল একাই বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী সামলাতে পারবে।
টার্মিনাল ভবন তৈরি হওয়ার পর ফ্লাইট চালু করতে আরও কিছু প্রস্তুতি লাগে। যাত্রীদের চেক-ইন, ব্যাগ ওঠানামা, নিরাপত্তা তল্লাশি, ইমিগ্রেশন এবং উড়োজাহাজের সেবা একসঙ্গে চালু করার ব্যবস্থা করতে হয়। সেই সঙ্গে ঠিক করতে হয়, টার্মিনাল কারা পরিচালনা করবে এবং এর আয় ও খরচ কীভাবে ভাগ হবে। কিন্তু এসব কোনো কিছুই চূড়ান্ত না করেই ২০২৩ সালে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়।
তখন মূলত ২০২৪ সালের নির্বাচনের আগে জনগণের সামনে দেশের উন্নয়ন প্রদর্শনী করতেই নির্মাণাধীন টার্মিনাল উদ্বোধনের নাটক করা হয়। সেই উদ্বোধনের পর দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও এখনো এখান থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়নি। বর্তমানে তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানের চারটি কোম্পানির সঙ্গে চুক্তি প্রায় শেষ পর্যায়ে। কোম্পানিগুলো হলো—জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোেই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন। জাপানি কোম্পানিগুলো টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেলেও নির্মাণের জন্য নেওয়া জাপানি ঋণের টাকা বাংলাদেশ সরকারকেই পরিশোধ করতে হবে।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা এবং দেখভালের জন্য জাপানের চারটি কোম্পানির জোটের সঙ্গে যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে, সেখানে মোদ্দা দাগে ছয়টি বিষয় সামনে এসেছে। প্রথম শর্তটি ঢাকার কাছে আরেকটি বিমানবন্দর চালু করার বিষয়। প্রস্তাব অনুযায়ী, শাহজালালের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছরে কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু করা যাবে না। বিমানমন্ত্রী বলছেন, এই সময়ের মধ্যে সরকার চাইলে নতুন বিমানবন্দরের পরিকল্পনা করতে পারবে, নির্মাণও করতে পারবে। তবে জাপানের শর্ত অনুযায়ী, সেখান থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারবে না বাংলাদেশ।
ঢাকার বিকল্প বিমানবন্দরের জন্য অতীতে যেসব জায়গা যাচাই করা হয়েছিল, তার সবই ১০০ কিলোমিটারের মধ্যে। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বিমানবন্দরের রানওয়ে আছে মাত্র একটি। বিমানবন্দরের টার্মিনাল যতই উন্নত হোক না কেন, একাধিক রানওয়ে না থাকলে এমনিতেও বেশি বিমান চলাচল করতে পারবে না। তাই আগামী ১৫ বছরের মধ্যে যদি ঢাকার কাছে আরেকটি বিমানবন্দরের দরকার হয়, তখন বাংলাদেশ অনেক বড় বিপদে পড়বে।
দ্বিতীয় শর্তটি হলো নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট যাবে তৃতীয় টার্মিনালে। বিমানমন্ত্রী বলছেন, পুরনো দুই টার্মিনাল দিয়ে দেশের ভেতরের ফ্লাইট, হজ ফ্লাইট এবং বিশেষভাবে ভাড়া করা চার্টার্ড ফ্লাইট চলবে। তবে পুরনো দুই টার্মিনাল বছরে প্রায় ৮০ লাখ যাত্রী সামলাতে পারে। সামান্য কিছু অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট আর অতি নগণ্য চার্টার্ড ফ্লাইট দিয়ে পুরনো টার্মিনাল সচল রাখা যাবে না। সেক্ষেত্রে একদিকে পুরনো টার্মিনাল অলস পড়ে থেকে নষ্ট হবে, অন্যদিকে আবার তৃতীয় টার্মিনাল রাতারাতি অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বাধ্য হবে। তখন দেখা যাবে নতুন টার্মিনালও যাত্রী ভোগান্তি কমাতে পারছে না।
তৃতীয় শর্ত হলো টার্মিনালের আয় কীভাবে হবে তা নিয়ে। প্রথম আট মাস টার্মিনাল প্রস্তুতির সময়ে জাপানি জোট তাদের আয়ের মাত্র ১৩.৫ শতাংশ বাংলাদেশকে দিবে। পরবর্তীতে টার্মিনাল পুরোপুরি চালু হলে বাংলাদেশ পাবে ২৭ শতাংশ। প্রশ্ন হলো, এই ২৭ শতাংশ মোট আয় থেকে হিসাব করা হবে নাকি খরচ মেটানোর পরে যে লাভ থাকবে সেখান থেকে? এই দুই হিসেবের মধ্যে পার্থক্যটা অনেক বড়। সেই সাথে আবার ওই টাকা থেকে বাংলাদেশের ভাগে পড়া পরিচালনা ব্যয় এবং জাপানি ঋণের কিস্তি দেওয়ার পর আমাদের হাতে আর কত টাকা থাকবে সেটিও দেখার বিষয়।
চতুর্থ শর্তটি হলো উড়োজাহাজ মাটিতে থাকার সময় যে সেবাগুলো দিতে হয়, সেগুলো দিবে বাংলাদেশ। টার্মিনালের ব্যাগ ও পণ্য ওঠানামাসহ যাবতীয় সেবার দায়িত্ব এবং ঝুঁকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমান নিজেদের ফ্লাইটের লাগেজ ঠিকমতো চালাতে পারে না, তাহলে অন্যান্য বিমান সংস্থাকে এসব সেবা কীভাবে দিবে? তাছাড়া সময়মতো যাত্রীদের লাগেজ পাওয়াি ঢাকা বিমানবন্দরের সবচেয়ে বড় ভোগান্তি। সেটি যদি জাপানি কোম্পানি সমাধান না করে, তাহলে বিদেশিদের কাছে বিমানবন্দর পরিচালনার দায়িত্ব দিয়ে কোনো লাভই হবে না।
পঞ্চম শর্তে বলা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন আইন করলে জাপানি কোম্পানি যেন সেই আইনের আওতার বাইরে থাকে। তার মানে সরকার ভবিষ্যতে সবার জন্য নতুন কোনো নিয়ম করলে জাপানি জোট এই চুক্তির কারণে বিশেষ ছাড় পাবে।
ষষ্ঠ শর্ত হলো টার্মিনালের নির্মাণকাজে কোনো ত্রুটি ধরা পড়লে জাপানি কনসোর্টিয়াম তা ১২ মাস পরে জানাবে। ভবিষ্যতে যাত্রী এবং ফ্লাইটের চাপ বাড়লে অনেক বেশি ত্রুটি ধরা পড়তে পারে। তাই জাপানি কোম্পানিগুলো এত বেশি সময় আদায় করে নিয়েছে। তাছাড়া ত্রুটি ধরা পড়লে সেগুলো মেরামতের খরচ কে দিবে, সেগুলোও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। বেবিচকের পরিচালনা পর্ষদ চুক্তির খসড়া পরের ধাপে পাঠানোর অনুমতি দিয়েছে। এখন চুক্তির আইনি দিক এবং আয়-ব্যয়ের হিসেব যাচাই করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যাওয়ার কথা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর অল্প কয়েকটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার। তবে পুরো টার্মিনাল কবে চালু হবে তা এখনো নিশ্চিত নয়।
তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীদের চেক-ইন এবং ইমিগ্রেশনের চাপ সামলানো অনেক সহজ হবে। তবে জাপানি জোটের সঙ্গে প্রস্তাবিত চুক্তিটি বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে, তা বুঝতে হলে তিনটি বিষয় দেখতে হবে। টার্মিনালের আয় থেকে বাংলাদেশ কত টাকা পাচ্ছে, বাংলাদেশকে কি কি খরচ এবং ঝুঁকি বহন করতে হবে, এবং ভবিষ্যতে ফ্লাইটের চাপ বাড়লে বাংলাদেশের হাতে সিদ্ধান্ত নেওয়ার কতটা সুযোগ আছে।
আয় ভাগাভাগির আলোচনায় শুরুতে বাংলাদেশের জন্য ১৫ শতাংশের প্রস্তাব ছিল। পরে টার্মিনাল পুরোপুরি চালু হলে ২৭ শতাংশের কথা আসে। কিছু গণমাধ্যম ২৭ শতাংশকে রাজস্বের ভাগ বলছে, আবার কিছু গণমাধ্যম একে লোভ্যাংশ বলছে। পার্থক্যটা বোঝার জন্য ধরা যাক টার্মিনালের আয় ১০০ কোটি টাকা, আর খরচ বাদে লাভ ৪০ কোটি টাকা। আয়ের ২৭ শতাংশ হলে বাংলাদেশ পাবে ২৭ কোটি টাকা, আর লাভের ২৭ শতাংশ হলে বাংলাদেশ পাবে ১০ কোটি ৮০ লাখ টাকা। বিমান সংস্থার ফি এবং বিমানবন্দরের দোকান ভাড়ার মতো আয়ের কোন কোন খাতগুলো এই হিসেবে ধরা হবে, সেগুলোও এই মুহূর্তে পরিষ্কার নয়। তার মানে বাংলাদেশ কি মোট আয়ের অংশ পাবে নাকি শুধু লাভের অংশ, সেই বিষয়টি নিয়েও একটি দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে।
শাহজালালের আয় দিয়ে দেশের বেসামরিক বিমান চলাচলের নানা খরচ মেটানো হয়। তার সঙ্গে আছে টার্মিনাল নির্মাণের ঋণ শোধের দায়। প্রস্তাব অনুযায়ী টার্মিনাল চালাবে জাপানি জোট, আর ব্যাগ ও পণ্য ওঠানামার দায়িত্ব এবং ঝুঁকি থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। লাগেজ হ্যান্ডলিংয়ের কোনো মেশিন যদি নষ্ট হয়ে যায় এবং লাগেজ বিলম্বে হওয়ার কারণে যদি ফ্লাইট বিলম্ব হয়, তবে তার দায় কার ওপর বর্তাবে, এসব প্রশ্নেরও কোনো সহজ উত্তর নেই।
নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের বেশিরভাগ তৃতীয় টার্মিনালে চলে গেলে সেখানে প্রথম থেকেই প্রচুর যাত্রীর চাপ হবে। সে কারণে দোকান এবং অন্যান্য সেবারও আয় বাড়বে। কিন্তু পুরনো দুই টার্মিনাল বাংলাদেশ কি নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে কিনা, নাকি সেখানেও জাপানি কোনো বিধিনিষেধ আছে, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে টার্মিনালের ওপর দেশের প্রধান বিমানবন্দর এতদিন নির্ভরশীল ছিল, তা রাতারাতি পরিত্যাগ করা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। বাংলাদেশ যদি প্রাপ্য আয় দিয়ে নিজেদের খরচ এবং ঋণের কিস্তি সামলাতে পারে, শুধুমাত্র সেক্ষেত্রেই এই চুক্তি আমাদের জন্য লাভজনক হতে পারে। সেই সাথে উন্নত যাত্রীসেবাই হলো নতুন টার্মিনালের প্রধান উদ্দেশ্য। বিদেশ থেকে ঋণ করে এত টাকা খরচ করে নতুন টার্মিনাল বানানোর পরেও যদি উন্নত যাত্রীসেবা পাওয়া না যায়, তাহলে পুরো প্রকল্পই বৃথা যেতে পারে। তখন পরিস্থিতি অনেকটা এমন দাঁড়াবে যে, অন্যের টাকায় নিজের বাড়িতে ঘর করে নিজের জমিতেই ভাড়া থাকার মতো।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more