প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:১৮ এ.এম
আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৭
অ-অ+
অনলাইন ডেস্ক:
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থিত প্রীতি গ্রুপের কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কারখানার ভেতরে একটি কাভার্ড ভ্যান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামানোর সময় হঠাৎ লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। বিকট শব্দের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার কাঁচ ভেঙে শ্রমিকদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের ভেতর থেকে পাঁচজন এবং সিলিন্ডারের আঘাতে বাইরে থাকা এক নারীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম নামের এক সবজি বিক্রেতা রাতে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিইপিজেড ও জিরাবো মডার্ন স্টেশনসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আহত ১৬ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়, যাদের মধ্যে মোখলেছুর রহমান, তার ছেলে সুজন মিয়া ও নুরুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more