বাউফলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস

Date: 2026-05-12
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: ক্ষমতায়িত নার্স জীবন বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আখি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ Florence Nightingale–এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবায় অসামান্য অবদান রেখে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। রাতের বেলায় হাতে বাতি নিয়ে রোগীদের সেবা করতেন বলে তাকে “Lady with the Lamp” “বাতি হাতে নারী” বলা হতো।
তিনি আরও বলেন, তার উদ্যোগেই আধুনিক নার্সিং শিক্ষা ও সেবার ভিত্তি গড়ে ওঠে। নার্সদের অবদানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে International Council of Nurses (আইসিএন) ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালন শুরু করে। পরবর্তীতে ১৯৭৪ সালে আনুষ্ঠানিকভাবে ১২ মে তারিখকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে নির্ধারণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং কলেজের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave Your Comments