বাউফলে গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা

Date: 2026-05-12
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে গ্রাম আদালত সক্রিয়করণ ও এর কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন 'বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের গুরুত্ব ও এর আইনি পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গ্রামের সাধারণ মানুষ যাতে স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা পেতে পারে, সে লক্ষ্যেই গ্রাম আদালত কাজ করে যাচ্ছে। চুরি, দাঙ্গা, প্রতারণা, জমি সংক্রান্ত বিরোধ এবং নারী অধিকার ক্ষুণ্ন হওয়ার মতো ঘটনাগুলো স্থানীয়ভাবে নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি রক্ষা করা সম্ভব।"
সভায় গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া এবং ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে বসে ফৌজদারি ও দেওয়ানি অপরাধের সুষ্ঠু সমাধান বিষয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে ভয়ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখা এবং নারীর শালীনতা নষ্ট করার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাজমা বেগম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করা হয় সভায়।


প্রতিবেদন:  বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

TPZymn1.jpeg

Leave Your Comments