বাউফলে স্কুল কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হট্টগোল, হামলায় আহত ১
Date: 2026-09-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০১, ২০২৬, ২:৪১ পি.এম
বাউফলে স্কুল কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হট্টগোল, হামলায় আহত ১
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তবে নজরুল খান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কোনো হামলা চালাননি, বরং পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বিদ্যালয়টির সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ। নির্বাচন প্রক্রিয়ায় সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে প্রিজাইডিং কর্মকর্তা তাঁকে বিজয়ী ঘোষণা করেন।
তবে নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির সভায় অন্তত ৬ জন সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হওয়ার কথা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র ৫ জন। কোরাম অপূর্ণ থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে সভাপতি ঘোষণার প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল। এ নিয়ে বিএনপি নেতা নজরুল খানের সঙ্গে তাঁর তীব্র তর্কবিতর্ক হয়। একপর্যায়ে নজরুল খান ও তাঁর অনুসারীরা সোহেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
কোরাম সংকটের বিষয়টি স্বীকার করলেও প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ জানান, একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রধান শিক্ষক বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনেকে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদন ইউএনও দেবেন।
অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা নজরুল খান জানান, আমন্ত্রিত হয়েই তিনি সভায় এসেছিলেন এবং অতীতে ভুয়া জমিদাতা সেজে একটি পক্ষ স্কুলে প্রভাব খাটিয়েছে দাবি করে তিনি শুধু প্রতিরোধ করেছেন বলে জানান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নির্বাচনের বিষয়ে পুলিশ বা ডিএসবিকে আগে থেকে কিছু জানানো হয়নি; উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এবং লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more