পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে তা এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই আবেদন করেন। আদালত এটি আমলে নিয়ে বাউফল থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন (মামলার নম্বর: ৩১৩/২০২৬, বরিশাল)।
মামলার এজাহার ও বাদীপক্ষ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এর ফলে তাঁর পরিবার ও স্বজনদের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি কুচক্রী মহল সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। আদালত অভিযোগটি পর্যালোচনা করে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। যার শিকার হচ্ছেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও।
এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক বলেন, "বাউফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সব সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সাংবাদিকদের মানহানিকর তথ্য, ছবি প্রচার ও হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন যদি দ্রুত কঠোর পদক্ষেপ না নেয়, তবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও বেড়ে যাবে।"
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more