প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ০৪, ২০২৬, ৪:৪০ এ.এম
বেতন ছাড়া মহাসড়কে জীবনের পাহারা
অ-অ+
অনলাইন ডেস্ক:
কোনো সরকারি পদবি নেই, নেই মাস শেষে বেতন পাওয়ার সুযোগ; তবুও প্রতিদিন সকালে বাঁশি আর হাতের ইশারা নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে নেমে পড়েন শফিকুল ইসলাম ওরফে শফি। রংপুরের তারাগঞ্জ উপজেলার চারমুখী খিয়ারজুম্মা বাসস্ট্যান্ড এলাকায় গত এক বছর ধরে স্বেচ্ছায় যানবাহন ও পথচারীদের পারাপার নিয়ন্ত্রণ করে এলাকায় তিনি এখন পরিচিত ‘ট্রাফিক শফি’ নামে।
সংসারে অভাব-অনটন থাকলেও সড়ক দুর্ঘটনা রোধে নিজের মানবিক দায়বদ্ধতা থেকে এই কাজ করে যাচ্ছেন শফিকুল। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত খিয়ারজুম্মা পয়েন্টে সাতটি দুর্ঘটনায় সাতজন নিহত ও চারজন আহত হন। এরপর ২০২৫ সালের ৯ জুলাই নিজের বাড়ির মাত্র ১০০ গজ দূরে একটি ট্রাকের ধাক্কায় চোখের সামনে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু দেখে স্থির থাকতে পারেননি তিনি। নিজ উদ্যোগেই নেমে পড়েন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক সচল ও নিরাপদ রাখার এই কাজে।
সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ছোট শিক্ষার্থীদের হাত ধরে রাস্তা পার করা, বয়স্কদের সাহায্য করা এবং চালকদের গতি নিয়ন্ত্রণের সংকেত দিয়ে দিন কাটান শফিকুল। শফিকুলের এই নিঃস্বার্থ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ এলাকার অধিবাসীরা। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানও তাঁর এই কাজের ভূয়সী প্রশংসা করে কমিউনিটি পুলিশের একটি জ্যাকেট ও ভেস্ট উপহার দিয়েছেন এবং জানান যে শফিকুলের প্রচেষ্টায় ওই গুরুত্বপূর্ণ স্থানে দুর্ঘটনা অনেক কমেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more