প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৬, ১২:৫২ পি.এম
বিএনপির নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে নতুন চারজন নেতাকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নতুন অন্তর্ভুক্ত হওয়া চার নেতার মধ্য রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পদে ছিলেন এবং ড. ফরহাদ হালিম ডোনার একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা পদে নিযুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। ১৯ সদস্যবিশিষ্ট এই ফোরামে পদত্যাগ ও মৃত্যুর কারণে একাধিক পদ শূন্য হয়, যা পরবর্তীতে সময়ে সময়ে নতুন সদস্য মনোনয়নের মাধ্যমে পূরণ করা হয়।
সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার পর গত বৃহস্পতিবার তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ত্যাগ করেন। এর আগে স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য কর্মরত ছিলেন। আজ নতুন চারজন সদস্য যুক্ত হওয়ায় বিএনপির সর্বোচ্চ এই নীতিনির্ধারণী পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more