চিনা মুদ্রায় মূল্য পরিশোধ করছে ভারত

Date: 2026-04-19
news-banner

বিশ্ব ডেস্ক:
মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের সুযোগে ইরান থেকে আমদানি করা জ্বালানি তেলের মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে ভারতের তেল শোধনাগারগুলো। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, ভারতের বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হচ্ছে। ইউয়ানে পরিশোধ করা অর্থ সরাসরি তেল বিক্রেতাদের কাছে পাঠানো হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার তেল বাণিজ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ইরানি তেল আমদানি শুরু করে ভারত।
জানা গেছে, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় নয় বছর পর প্রথমবারের মতো প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে, যার মূল্য আনুমানিক ২০ কোটি ডলার।
একই সময়ে বেসরকারি খাতের বৃহৎ প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী চারটি জাহাজ ভারতীয় বন্দরে ভিড়তে অনুমতি দেওয়া হয়। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, উভয় প্রতিষ্ঠানই ইউয়ানে মূল্য পরিশোধ করেছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানি তেলের মূল্য পরিশোধ জটিল হয়ে পড়েছিল। ফলে অনেক দেশ আমদানিতে আগ্রহ হারায়। তবে সাময়িক ছাড়ের ফলে বিকল্প মুদ্রায় লেনদেনের সুযোগ তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানি তেল কেনাবেচায় এই বিশেষ সুবিধা আজই শেষ হচ্ছে।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments