প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৪, ২০২৬, ৪:৫৬ এ.এম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদার করতে ঢাকাসহ একাধিক জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা ও গোপালগঞ্জ ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।
মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা তদারকি বাড়িয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেলে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক সরঞ্জাম থেকে আসা সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত রক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতেও সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। নাগরিকদের জানমালের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাহিনীটি অঙ্গীকারবদ্ধ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more