অনলাইন ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত আরও দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইশরাক লাবিব (২০)। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন। এ নিয়ে আলোচিত এই হামলা মামলায় পুলিশ এ পর্যন্ত মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, হামলার কিছুদিন আগে চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের নাম ব্যবহার করে চিকিৎসকের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়। দাবীকৃত চাঁদা পরিশোধ না করায় গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর দুর্বৃত্তরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ৪ জন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে অতর্কিত মারধর শুরু করে।
হামলা চলাকালে প্রধান আসামি জীবন চিকিৎসক আসাদুরের বাঁ চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর জখম করেন এবং অন্য আসামিরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ডা. আসাদুরের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকেই জীবনকে ধরে ফেলেন, তবে বাকি সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হামলার পরদিন ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদাবাজি ও হামলার পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে এবং হামলার প্রকৃত রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্য: প্রথম আলো / বিডিফেস
মেদহদী হাসান