প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৩:৪৭ পি.এম
ডিসি অফিসে দুই বিএনপি নেতার মারামারি
অ-অ+
অনলাইন ডেস্ক: ময়মনসিংহে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে বিএনপির দুই নেতার মধ্যে বাকবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী আহত
হন। ঘটনাটি নিয়ে প্রশাসনিক মহল ও স্থানীয়দের মধ্যে
আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (৭ জুন) বিকেল
সাড়ে ৫টার দিকে ডিসি কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক জেলা প্রশাসকের
কক্ষ থেকে বের হওয়ার সময় কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সেখানে প্রবেশ করছিলেন। এ সময় দুজনের
মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তেজনাকর
পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা
ঘটে। সংঘর্ষের সময় বারান্দায় রাখা একটি ফুলের টব ক্ষতিগ্রস্ত হয়।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তার দায়িত্বে
থাকা সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জেলা
প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী জনি আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা
গেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দুই নেতা পৃথকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “সরকারি কার্যালয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত
ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপস্থিত সবাইকে বিব্রত করেছে। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।” ঘটনার পর প্রশাসনের পক্ষ
থেকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more