দাউদ ইব্রাহিম: ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট
নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৫ এ.এম
দাউদ ইব্রাহিম: ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
খুন, গুম ও চাঁদাবাজির মতো বড় বড় অপরাধকে একসময় প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম হাসান কাস্কার। দিনের পর দিন মোটা বেতনে গ্যাংস্টারদের পুষে রাখা এই মাফিয়া ডন ভারতীয় অপরাধ জগৎকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার পাশাপাশি বিশ্বজুড়ে নিজস্ব প্রভাব বিস্তার করেছিলেন। একসময় তাঁর ভয়ে কাঁপতেন ভারতের খ্যাতিমান ফিল্মস্টার, ক্রিকেটার ও শীর্ষ ব্যবসায়ীরা। তাঁকে নিয়ে নির্মিত হয়েছে অজস্র সিনেমা। তিন দশক ধরে তিনি ভারতীয় আদালতের কাছে মোস্ট ওয়ান্টেড আসামি হলেও পাকিস্তানের কাছে তিনি একজন সম্মানিত মেহমান।
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনেও তাঁর নাম উঠেছিল পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। প্রতিপক্ষকে ধ্বংস করা কিংবা নিজের উদ্দেশ্য হাসিল করা—কোনোটিতেই তাঁর জুড়ি মেলা ভার। তাঁর পেছনে রয়েছে পৃথিবীর তাবৎ গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বের শীর্ষ ১০ ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় তাঁর নাম রয়েছে তিন নম্বরে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে ফোর্বসের বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন দাউদ, যা ২০১১ সালের হিসেবে তিন নম্বরে উঠে আসে। ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায় এক নম্বরেই রয়েছে তাঁর নাম। কিন্তু তিনি আজও সকলের ধরাছোঁয়ার বাইরে।
দাউদ ইব্রাহিম কাস্কারের জন্ম ১৯৫৫ সালের ২৭ ডিসেম্বর। তাঁর বাবা ইব্রাহিম কাস্কার ছিলেন মুম্বাই পুলিশের হেড কনস্টেবল। সাত ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে দাউদ ছিলেন দ্বিতীয় সন্তান। তাঁর বড় ভাই সাবির ইব্রাহিম কাস্কার। পরিবারের বসবাস ছিল মুম্বাইয়ের ডোংরির মুসলিম অধ্যুষিত বস্তিতে। মাত্র ১৪ বছর বয়সেই অপরাধমূলক কর্মকাণ্ডে দাউদের হাতেখড়ি হয়।
মুম্বাই রেলস্টেশনে এক ব্যক্তির টাকা গোনার সময় তা ছিনিয়ে নিয়ে দৌড় দেন দাউদ ও তাঁর বড় ভাই সাবির। এ খবর বাবা ইব্রাহিম কাস্কারের কানে পৌঁছালে ছেলেদের ব্যাপক মারধর করেন তিনি। কিন্তু বাবার কঠোর শাসন বা মারধর—কোনো কিছুই এই দুই ভাইকে আন্ডারওয়ার্ল্ডের রঙিন দুনিয়া থেকে দূরে রাখতে পারেনি। ধীরে ধীরে ছোটখাটো অপরাধের মাধ্যমে হাত পাকাতে থাকেন দুই ভাই।
ওই সময় ডোংরি এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিল বাসু দাদা। সাবির ও দাউদ মিলে বাসু দাদার গ্রুপকে টেক্কা দিতে ‘ইয়ং কোম্পানি’ নামে একটি দল তৈরি করেন। কিছুদিনের মধ্যেই বাসু দাদা ও তাঁর শিষ্যদের লোহার রড ও সোডার খালি বোতল দিয়ে বেধড়ক পিটিয়ে এলাকাছাড়া করে সাবির-দাউদ গ্রুপ। এই এক ঘটনাতেই অপরাধী মহলের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি—সবার নজরে চলে আসেন দুই ভাই।
তৎকালীন মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন ছিলেন হাজী মাস্তান, করিম লালা ও ভরদারাজন মুদালিয়ার। এই তিন ডন একতাবদ্ধ হয়ে পুরো মুম্বাই শাসন করতেন। সে সময় সবচেয়ে ভয়ংকর গ্যাং ছিল করিম লালার নেতৃত্বাধীন পাঠান গ্যাং। দাউদ ও সাবির প্রথমে করিম লালার দলের হয়ে চোরাকারবারি শুরু করেন। কিন্তু কিছুদিন পর করিম লালার ছেলের সাথে ঝামেলা হওয়ায় দল থেকে বের করে দেওয়া হয় দুই ভাইকে। এরপর তাঁরা যোগ দেন হাজী মাস্তানের গ্যাঙে।
সত্তরের দশকের মাঝামাঝিতে হাজী মাস্তান গ্রেপ্তার হলে সকল ক্ষমতা এসে পড়ে দুই ভাইয়ের হাতে। ছোটবেলা থেকেই দাউদের স্বপ্ন ছিল করিম লালার মতো বড় ডন হওয়ার। হাজী মাস্তানের ছত্রছায়ায় প্রভাবশালী হয়ে ওঠা দাউদ ও সাবির তখন নিজেদের গ্যাং তৈরির কাজে মনোযোগ দেন, যার ফসল সত্তরের দশকে প্রতিষ্ঠিত হওয়া কুখ্যাত ‘ডি-কোম্পানি’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দাউদকে। এতদিন মুম্বাইয়ের ডনেরা কিছু নীতি মেনে অপরাধ জগৎ চালাতেন; তাঁরা কখনো মাদক ব্যবসা ও খুন করার পক্ষপাতী ছিলেন না। কিন্তু দাউদ সব নীতি ও প্রথা ভেঙে দেন। মাদকের ব্যবসার পাশাপাশি টাকার বিনিময়ে খুন করার সংস্কৃতি চালু করেন তিনি, যা আন্ডারওয়ার্ল্ডে ‘সুপারি’ নামে পরিচিত।
দাউদের সঙ্গে বলিউডের ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই। তাঁর দেওয়া পার্টিতে ভিড় জমে যেত বলিউডের প্রথম সারির তারকাদের। চিত্রনায়ক অনিল কাপুরকে দেখা গিয়েছিল দাউদের সাথে স্টেডিয়ামে একসাথে বসে খেলা দেখতে। দাউদের অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন সোনু নিগম, অলকা ইয়াগনিক ও অনু মালিকসহ অনেক জনপ্রিয় গায়ক।
নায়িকা অনিতা আইয়ুবের সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। অনিতা আইয়ুবকে সিনেমায় না নেওয়ায় প্রযোজক জাভেদ সিদ্দিকীকে হত্যা করেছিল দাউদের লোকেরা। এছাড়া নায়িকা মন্দাকিনীর সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দাউদের। অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের সাথে দাউদের বন্ধুত্ব ছিল ওপেন সিক্রেট। বলিউডের অনেক সিনেমায় বিপুল অর্থ লগ্নিও করেছেন দাউদ।
হত্যা, গুম, অপহরণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, হুন্ডি ব্যবসা—এমন কোনো অপরাধ নেই যা করত না দাউদ গ্রুপ। আশির দশকে দাউদের অপরাধ মাত্রা ছাড়ানোর পর মুম্বাই পুলিশ কঠোর অভিযানে নামে। একে একে পুলিশের এনকাউন্টারে মারা পড়তে থাকেন দাউদের সঙ্গীসাথীরা। ১৯৮৪ সালে প্রাণভয়ে মুম্বাই ছেড়ে দুবাইয়ে পাড়ি জমান দাউদ। সেখানে বসেই গড়ে তোলেন এশিয়ার সবচেয়ে বড় অপরাধ সিন্ডিকেট। ১৯৮৮ সাল পর্যন্ত মুম্বাইয়ে তাঁর সাম্রাজ্য চালান বিশ্বস্ত সহচর ছোটা রাজন। পরবর্তীতে বনিবনা না হওয়ায় এই ছোটা রাজনই হয়ে ওঠেন দাউদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এমন সংকটময় সময়ে দাউদের ছোট বোন হাসিনা পারকার মুম্বাইয়ের সাম্রাজ্যের দায়িত্ব হাতে তুলে নেন।
১৯৯৩ সালে বাবরি মসজিদ ইস্যুতে বোম্বে নগরীতে মুসলিমবিরোধী দাঙ্গা হলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ছত্রছায়ায় বোম্বেতে ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা করেন দাউদ। এই ভয়াবহ হামলায় ২৩৭ জন নিহত এবং প্রায় ১ হাজার ২০০ মানুষ আহত হন। পুলিশের তদন্তে বেরিয়ে আসে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন দাউদ। এরপরই তিনি বনে যান ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। দুবাই সরকারের সাথে বন্দী বিনিময় চুক্তি করে দাউদকে পাকড়াও করার উদ্যোগ নেয় ভারত। ঠিক সেই মুহূর্তে আইএসআই-এর সহায়তায় পাকিস্তানে পালিয়ে যান তিনি।
পাকিস্তানে পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আইএসআই-এর আশ্রয়ে করাচিতেই অবস্থান করছেন এই কুখ্যাত মাফিয়া ডন। মাঝে গুজব রটেছিল তিনি নাকি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে এ তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। দাউদের পরিবারে রয়েছেন স্ত্রী মেহজাবিন, ছেলে মঈন নেওয়াজ ও দুই মেয়ে মাহরুখ ও মেহরিন। গোয়েন্দাদের তথ্যমতে, দাউদের পরিবার করাচির অভিজাত ক্লিফটন আবাসিক এলাকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কঠোর পাহারায় বহাল তবিয়তেই রয়েছে। তাঁর মেয়ে মাহরুখের বিয়ে হয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের সাথে।
তবে অবাক করার বিষয় হলো, দাউদের একমাত্র ছেলে মঈন বেশ ধর্মভীরু। বাবার বিশাল অপরাধ জগতে সে জড়ায়নি, বরং বেছে নিয়েছে আধ্যাত্মিক ও মৌলভি জীবন। এ নিয়ে বেশ হতাশায় ভুগছেন দাউদ। বয়স বাড়ার সাথে সাথে শরীরে আগের মতো শক্তি নেই, কমেছে মস্তিষ্কের ধারও। নিজের গড়ে তোলা অপরাধের বিশাল সিন্ডিকেটের উত্তরাধিকারী কে হবেন—তা নিয়ে চরম হতাশায় দিন পার করছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই ডন। যার হাতে লেগে আছে হাজারো মানুষের রক্ত, সেই অপরাধীর জীবনের শেষ পরিণতি কী হবে, তা হয়তো সময়ই বলে দেবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more