গাজীপুর মহানগরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়রের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। এই গাড়িতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ বিভাগ) ও এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ যাতায়াত করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালের দিকে ওই এলাকায় শ্রমিকদের আন্দোলন চলার খবর পেয়ে সেখানে পরিদর্শনে যাচ্ছিলেন সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার। পথিমধ্যে ছয়দানা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে গাড়িটির গতি রোধ করে এবং অতর্কিত ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে একটি বোমাসদৃশ লাল বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখতে ককটেল বা বোমার মতো আকৃতির ওই লাল বস্তুটির গায়ে 'সতর্কবার্তা বিস্ফোরণ' এবং 'এমকে ডট' লেখা ছিল এবং সেখান থেকে তার বের করা অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে এবং পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বস্তুটিকে নিষ্ক্রিয় করে। পরপর এমন বেশ কিছু ঘটনায় পুরো গাজীপুর জুড়ে থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more