প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২৬, ৪:৩৪ এ.এম
গ্যাস ও বিদ্যুৎ–সংকটে স্থবির শিল্প খাত
অ-অ+
অনলাইন ডেস্ক:
গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে দেশের শিল্প খাত এক অভূতপূর্ব স্থবিরতার মুখে পড়েছে। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও হবিগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ইতিমধ্যেই শতাধিক কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আরও দেড় শতাধিক কারখানায় উৎপাদন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। প্রায় এক মাস ধরে দেশে গ্যাস সরবরাহ ঘাটতি থাকলেও গত এক সপ্তাহে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে কারখানার বয়লার চালানো সম্ভব হচ্ছে না, আবার গ্যাস সংকটে জেনারেটর বন্ধ থাকায় বিকল্প বিদ্যুৎ উৎপাদনও থমকে গেছে। বাধ্য হয়ে অনেক কারখানায় কাজ বন্ধ রেখে হাজার হাজার শ্রমিককে বসিয়ে রাখতে হচ্ছে, আর যেসব কারখানা বিকল্প হিসেবে ডিজেল ব্যবহার করে উৎপাদনে রয়েছে, তাদের উৎপাদন ব্যয় বহুগুণ বেড়ে গেছে।
এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রক্রিয়াজাতকরণ খাত এবং শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর ওপর। দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৫৭টি কারখানার মধ্যে ৪০টিরই উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, যার বড় একটি অংশ চিনি, ভোজ্যতেল ও ডাল প্রক্রিয়াজাতকরণের মতো নিত্যপণ্যের কারখানা। একই পরিস্থিতি দেখা দিয়েছে টি কে গ্রুপ ও এসিআই লিমিটেডের কারখানাগুলোতেও। ঢাকার আশপাশে থাকা টি কে গ্রুপের গ্যাসনির্ভর প্রায় সব কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যুৎনির্ভর কারখানাগুলো দিনে ৮ থেকে ১০ বার লোডশেডিংয়ের মুখে পড়ছে। ওষুধ, লবণ ও কৃষিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআইয়ের বিভিন্ন ইউনিটে স্বাভাবিক সময়ের তুলনায় ৫০ শতাংশ বা তারও বেশি উৎপাদন কমে গেছে।
দেশের প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনমুখী কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা এভাবে তলানিতে গিয়ে ঠেকায় বাজার ব্যবস্থা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, দ্রুত সময়ের মধ্যে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক করা না গেলে বাজারে পণ্য সরবরাহে বড় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে, যা পুরো শিল্প খাতের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more