গোপালগঞ্জে ট্রেন ও থানা বন্ধ, স্থগিত সরকারি বরাদ্দ
নভেম্বর ২৫, ২০২৬, ২:১১ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৫, ২০২৬, ২:১১ এ.এম
গোপালগঞ্জে ট্রেন ও থানা বন্ধ, স্থগিত সরকারি বরাদ্দ
অ-অ+
অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়ে যাওয়া দুটি থানার কার্যক্রম এখনই চালু হচ্ছে না। একই সঙ্গে জেলাটিতে বিভিন্ন সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাশকতার আশঙ্কা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর থেকে জেলার সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাশকতার শঙ্কা থাকায় এখনই ট্রেন চালুর বিষয়ে ভাবা হচ্ছে না এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই চালুর উদ্যোগ নেওয়া হবে। বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার ট্রেন, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস।
১৫ নভেম্বরের সহিংসতার পর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই থানা দুটির কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ ডায়েরি ও মামলাসহ প্রয়োজনীয় সেবায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দেওয়া নিয়মিত বরাদ্দের মধ্যে গোপালগঞ্জের ক্ষেত্রে তৃতীয় কিস্তির অর্থ আপাতত না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত চার কিস্তিতে এই অর্থ ছাড় করা হলেও গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির অর্থ বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, ট্রেন চলাচলের বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে এবং পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা জেলাতেই কর্মরত আছেন। অন্যদিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি এবং ট্রেন সেবা চালুর ক্ষেত্রেও সময় লাগবে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ কিংবা মারণাস্ত্র ব্যবহার করবে না। গত ১৫ নভেম্বর সহিংসতা, স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরবর্তীতে ২৩ নভেম্বর শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের প্রেক্ষাপটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more