প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:২৮ এ.এম
জাবিতে ব্যান্ড সোসাইটির আত্মপ্রকাশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যান্ড সংগীতপ্রেমী শিক্ষার্থীদের এক ছাদের নিচে আনতে প্রতিষ্ঠিত হয়েছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি’ বা জেইউবিএস। দেশীয় লোকজ সুর থেকে শুরু করে বিশ্বসংগীতের নানা ধারাকে ব্যান্ড সংগীতের আঙিনায় চর্চা, শেখানো এবং নতুনভাবে তুলে ধরাই এই নবগঠিত প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য। ক্যাম্পাসের নবীন-প্রবীণ সংগীত অনুরাগী শিক্ষার্থীদের গান ও বাদ্যযন্ত্র শেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নতুন ব্যান্ড তৈরির জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে এই সংগঠন।
সংগঠনটির আহ্বায়ক আদিত্য ভৌমিক জানান, ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ব্যান্ড সংগীতশিল্পীদের ঐক্যবদ্ধ করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীদের সব ধরনের সংগীতচর্চা ও বাদ্যযন্ত্র শেখানোর প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর আশির দশকের বাংলা ব্যান্ডগুলোর প্রতি সম্মান জানিয়ে ‘Rewind-80’ নামের একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তারা নিজেদের যাত্রা শুরু করে। এখন থেকে প্রতিবছরই ব্যান্ড সংগীত নিয়ে এমন উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সংগঠনের সদস্যসচিব নাইমুল হক নব বলেন, জাবিকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হলেও প্রকৃত সংস্কৃতির বিকাশ ঘটাতে সব ধারার চর্চা থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকেই দীর্ঘ আলোচনার পর তারা এই ব্যান্ড সোসাইটি গড়ে তুলেছেন। নতুন এই কমিটিতে মুখপাত্র হিসেবে মীর সোয়াদ জাবের এবং কোষাধ্যক্ষ হিসেবে সৈকত কুমার কানু দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন অরুণিমা পাল, মইনুল ইসলাম মুনিম এবং মোহাম্মদ হাছানুজ্জামান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more