প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২৬, ৪:২৬ এ.এম
যুক্তরাষ্ট্রে হারিকেন ‘লালা’র আঘাত
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের দিকে আশঙ্কাজনক গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘হারিকেন লালা’। এতে ইতিমধ্যেই রাজ্যের ৪২ হাজারেরও বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শক্তিশালী বাতাস ও অতিভারী বর্ষণের কারণে চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) থেকে বাসিন্দাদের জন্য ‘প্রাণঘাতী’ পরিস্থিতির আগাম সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই ঝড়টির প্রভাবে দ্বীপরাজ্যজুড়ে তুমুল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। 'পাওয়ারআউটেজ ডটকম'-এর সূত্র অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ হাওয়াইয়ের প্রায় ৪২ হাজার ৮৮৯ জন গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ‘লালা’ বর্তমানে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল (প্রায় ১২০ কিলোমিটার) স্থায়ী গতিবেগে ১ নম্বর ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে বিগ আইল্যান্ডের মাউনাকেয়া ওয়েদার সেন্টারে সাময়িকভাবে ঘণ্টায় ১০০ মাইলেরও বেশি বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। ঝড়ের প্রভাবে বিগ আইল্যান্ড এলাকায় সর্বোচ্চ ১০ থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত এবং মাউই অঞ্চলের বিভিন্ন স্থানে ৪ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি ও খাড়া ঢালু এলাকাগুলোতে আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাওয়াইয়ান ইলেকট্রিক’ জানিয়েছে, বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৬৭.৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাওয়াইয়ের সার্বিক যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। হাওয়াই পরিবহন বিভাগ জানিয়েছে, হিলো আন্তর্জাতিক বিমানবন্দর ও এলিসন ওনিজুকা কোনা আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ও কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে হাওয়াই দ্বীপ, মাউই কাউন্টি এবং কাউয়াইয়ের সমস্ত বাণিজ্যিক সমুদ্রবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঝড়টি দ্বীপগুলোর ওপর দিয়ে যাওয়ার সময় ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more