নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সাবেক
এক সেনা সদস্যের জমি ও ছয়টি দোকান দখলের অভিযোগ তুলে তা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা
চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি
প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য
পাঠ করেন মৃত সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের মেয়ে আইরিন সুলতানা। এসময় তার মা
ও ভাইসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা
হয়, আবুল কালাম আজাদ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত
হন। অবসরের টাকায় ১৯৯০ সালে নলছিটি শহরের সাথির মোড়ে পৈত্রিক ও লিজ নেওয়া জমির ওপর
ছয়টি আধাপাকা দোকান নির্মাণ করেন। এসব দোকান ভাড়া দিয়েই চলত তাদের সংসার ও সন্তানদের
পড়াশোনার খরচ।
তিনি অভিযোগ করেন, ২০০৮
সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আলমগীর হোসেন খান নামে এক ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে
ওই জমি ও দোকান দখল করে নেন। এ ঘটনায় নলছিটি থানায় অভিযোগ ও একাধিক সাধারণ ডায়েরি করা
হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং তখন আবুল কালাম আজাদকে মারধর করা হয় এবং পরিবারকে
নানাভাবে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় একাধিক মামলা দায়ের
করা হলে আদালতের রায় ভুক্তভোগীর পক্ষে এলেও এখনো জমি ও দোকান বুঝিয়ে দেওয়া হয়নি বলে
দাবি করা হয়। দীর্ঘদিন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে ২০১০ সালে আবুল কালাম আজাদের মৃত্যু
হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো
হয়, সাম্প্রতিক সময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত আলমগীর
হোসেন খান কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বর্তমানে তিনি জোরপূর্বক দোকানগুলো দখলে
রেখেছেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে গেলে হুমকির সম্মুখীন হচ্ছেন।
এ অবস্থায় জমি ও দোকান উদ্ধার
করে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আইরিন সুলতানা।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর
হোসেন খানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ
করেননি।