প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৪, ২০২৬, ১:২৬ পি.এম
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন না হওয়াসহ বিভিন্ন বৈষম্য ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৪ নভেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন শাখা ও জেলা কার্যালয়ের সামনে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে পটুয়াখালীর বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। অথচ দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পদবি পরিবর্তনের সুযোগ তৈরি হয়নি। একই পদে যোগদান করে বছরের পর বছর একই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও চাকরির জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়ন না হওয়ায় কর্মস্পৃহাও কমে যাচ্ছে। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও জনবল বাড়লেও সে অনুযায়ী সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন হয়নি। এতে দক্ষ জনবল ব্যবস্থাপনা ও প্রশাসনিক গতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় পদবি পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ২০২৪ সালের ১৩ নভেম্বর প্রস্তাবটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
এ ছাড়া পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় অনুমোদিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। তবে একাধিক বৈঠক ও আলোচনা সত্ত্বেও এখনো সেটির চূড়ান্ত অনুমোদন মেলেনি।
এ অবস্থায় দ্রুত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তাঁদের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মো. হাসিবুল হোসেন মৃধা, সিনিয়র সহসভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোসা. মারিয়া আলম মিতু, সিনিয়র সহকর্মী মো. অলিউল্লাহ ও মো. সোলায়মান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more