কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দেশের দক্ষিণ উপকূলের আদিবাসী
রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে কলাপাড়া
উপজেলা প্রশাসন। রাখাইন শিশুদের মাতৃভাষার বর্ণমালা শিক্ষা ও ভাষা চর্চা নিশ্চিত করতে
শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। সোমবার বিকেলে উপজেলার শ্রীমঙ্গল
বৌদ্ধবিহার ও আমখোলা রাখাইন পল্লীতে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ। এ সময় সিপিপির সহকারী পরিচালক
মো. আছাদুজ্জামান খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক রাখাইন মংম্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা
গেছে, উপজেলার আটটি রাখাইন পল্লীতে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায়
শিশুদের মধ্যে মাতৃভাষার বর্ণমালার বই, খাতা, কাগজ ও পেন্সিল বিতরণ করা হয়েছে। পাশাপাশি
তাদের মাতৃভাষা পড়া ও লেখার প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, কুয়াকাটা,
কলাপাড়া ও খেপুপাড়া এলাকায় বসবাসরত রাখাইন সম্প্রদায় তাদের স্বতন্ত্র সংস্কৃতি, ধর্মীয়
ঐতিহ্য ও জীবনধারার জন্য সুপরিচিত। তবে আধুনিক শিক্ষা ও সামাজিক পরিবর্তনের প্রভাবে
নতুন প্রজন্মের অনেক শিশু মাতৃভাষায় কথা বলতে পারলেও তা লিখতে বা পড়তে পারে না। এ বাস্তবতা
বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনও মো. কাউছার হামিদ
বলেন, প্রতিটি রাখাইন পল্লীতে একজন করে স্বেচ্ছাসেবী ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালনা
করবেন। স্থানীয় মাদবর ও গণ্যমান্য ব্যক্তিরা পুরো কার্যক্রম তদারকি করবেন। এর মাধ্যমে
৮০ থেকে ৯০ জন শিশু মাতৃভাষার বর্ণমালা শেখার সুযোগ পাবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের
নেতা রাখাইন মংম্যা বলেন, এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে রাখাইন শিশুদের
একটি বড় অংশ মাতৃভাষা পড়া ও লেখার সুযোগ পাবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত
হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ
রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং
নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চার আগ্রহ বাড়াবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more