পটুয়াখালীর বাউফলে সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের মৌলিক ভিডিও প্রতিবেদনে ‘ভিত্তিহীন’ কপিরাইট দাবি করার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক ও কৃষিবিষয়ক সাংবাদিক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিক মিলনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
আইনি নোটিশ সূত্রে জানা যায়, জি এম মশিউর রহমান মিলন দৈনিক খবরের কাগজ ও ৭১ টিভির বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। গত ২৬ জুলাই তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন সরাসরি প্রচার করেন।
নোটিশে দাবি করা হয়েছে, সাংবাদিক মিলন নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিওটি ধারণ ও প্রচার করেন। প্রকাশের পর ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য ও ২৬৭টি শেয়ার হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভিডিও প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর ৮ আগস্ট চ্যানেল আইয়ের পক্ষ থেকে ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ ব্যবস্থার মাধ্যমে ভিডিওটির ওপর কপিরাইট দাবি করা হয়। এতে ভিডিওর ৩৩ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত অংশ নিজেদের বলে দাবি করা হয়েছে। ওই দাবির পর ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি বিশ্বব্যাপী ব্লক করে দেয় বলে নোটিশে উল্লেখ করা হয়।
সাংবাদিক মিলনের আইনজীবীর দাবি, কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তার মক্কেলের মৌলিক ভিডিও প্রতিবেদনে কপিরাইট দাবি করায় তিনি আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তার সৃজনশীল কাজের স্বীকৃতি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পেশাগত সুনামও ক্ষুণ্ন হয়েছে।
আইনি নোটিশে শাইখ সিরাজ ও চ্যানেল আই কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কপিরাইট দাবি প্রত্যাহার করে ভিডিওটি পুনরায় সচল করার ব্যবস্থা, ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা এবং পেশাগত সম্মানহানি ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে প্রচলিত আইনে যথাযথ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সাংবাদিক মিলন উচ্চ আদালতেরও দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে শাইখ সিরাজ বা চ্যানেল আই কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more