সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ
নভেম্বর ০৪, ২০২৬, ৭:১৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৪, ২০২৬, ৭:১৮ এ.এম
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠককালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ার লি ছিয়াংকে শুভেচ্ছা জানান। লিউ হাইশিং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত রাখার পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক ও উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লিউ হাইশিং জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরে দুই দেশের সম্পর্কের নতুন যুগের যে যৌথ ঘোষণা এসেছিল, তার ভিত্তিতে সহযোগিতা আরও জোরদার করা হবে। একই সাথে তিনি ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর’ এবং 'Regional Comprehensive Economic Partnership' (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তিতে চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করিয়ে দেন যে, দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। সেই সফরে অনুপ্রাণিত হয়েই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু হয়েছিল, যার ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।
রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বৈঠকে গুরুত্ব পায় আঞ্চলিক সংকট সমাধান। সিপিসি প্রতিনিধিদল এবং বিএনপির মধ্যে যোগাযোগের পরিধি বাড়ানোর তাগিদ দিয়ে চীনা মন্ত্রী বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। অপরদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে দেশের অর্থনীতি, পরিবেশ ও জনমিতির ওপর সৃষ্ট বিশাল চাপের চিত্র তুলে ধরেন এবং তা নিরসনে চীনের সহায়তা কামনা করেন। জবাবে লিউ হাইশিং জানান, তিনি বাংলাদেশের এই উদ্বেগের বিষয়টি প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি অবহিত করবেন।
সৌহার্দ্যপূর্ণ এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। চীনা প্রতিনিধিদলের পক্ষে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং সিপিসির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more