প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২৬, ৪:১৪ এ.এম
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস
অ-অ+
অনলাইন ডেস্ক:
আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার, সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’। সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনা এবং মানুষের জীবন সুরক্ষিত করার লক্ষ্যে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ ও সব সংস্থার সমন্বিত পদক্ষেপের প্রতি আহ্বান জানিয়ে এই দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে রাজধানীতে আজ সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। লন্ডনে অবস্থানরত নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশবাসীকে আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সরকার সড়কে নিরাপত্তা বাড়াতে নতুন আইন প্রণয়নের দিকে এগোচ্ছে। ইতিমধ্যে সড়ক নিরাপত্তা আইন, ২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত এই আইনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জন্য ‘ডিমেরিট পয়েন্ট’ ব্যবস্থা এবং পুনরায় অপরাধের ক্ষেত্রে দ্বিগুণ জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা এবং সহায়তাকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। চলতি মাসের ১৪ তারিখ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিআরটিএ-এর পরিসংখ্যানে বিশাল পার্থক্য রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জন মারা যান। অন্যদিকে, বিআরটিএ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের চেয়ে কয়েক গুণ কম।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more