বাউফলে উজ্জ্বল হত্যা; দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
Date: 2026-05-14
অ-অ+
বাউফল পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মানববন্ধনস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহতের ভাই আনন্দ কর্মকার। বক্তারা অভিযোগ করেন, প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার পরও মামলার সব আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা আরও বলেন, একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার কয়েকজন আসামি এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “উজ্জ্বল হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more