প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ২:০৩ পি.এম
ব্যাংক খাতে অরাজকতার অভিযোগ আখতার হোসেনের
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বর্তমান সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দলের সদস্যসচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৪ আসনের এই সংসদ সদস্য অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় বর্তমান সরকার দেশের ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকার বেশি বাড়িয়ে ২৪ লাখ কোটি টাকায় উন্নীত করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ এখন বিশাল ঋণের জালে আবদ্ধ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাঙ্ক্ষিত সংস্কারগুলো, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার যে অধ্যাদেশ পাস হয়েছিল, বর্তমান সরকার তা সংসদে এসে কার্যকর করতে না দেওয়ায় অর্থমন্ত্রীকে বিদেশ থেকে খালি হাতে ফিরতে হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার তথা সুশাসন ও গণতন্ত্র নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারি দলকেও জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হতে হবে।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, নতুন ব্যাংক রেজোল্যুশন আইনের কারণে ব্যাংকিং খাতে একধরনের অরাজকতা চলছে। আইনের ১৮ নম্বর ধারার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা ব্যাংক লুটপাট, দেউলিয়া এবং টাকা পাচার করেছে, সাড়ে ৭ শতাংশ টাকা ফেরত দেওয়ার শর্তে তাঁদের হাতেই আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার ফায়দা কী। আওয়ামী লীগ আমলের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি জানান, বিগত সরকারের সময়ে দেশ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার ফলে দেশের অর্থনীতি এখন একটি 'খালি ঝুপড়ির' মতো অবস্থায় দাঁড়িয়েছে এবং খেলাপি ঋণের পাশাপাশি মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি অবস্থান করছে। বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়েনি—সরকারি দলের এমপিদের এমন দাবির জবাবে তিনি বলেন, সরকার বাজেট ঘোষণার আগেই গত তিন মাসে দুই দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে মূলত দাম বাড়ানোর মেকানিজম তৈরি করে রেখেছিল। সবশেষে, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বাজেট, সংস্কার, ব্যাংকিং খাত ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত দৃশ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটার আহ্বান জানান তিনি। তথ্য: প্রথম আলো/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more