প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ১:০৬ পি.এম
মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা
অ-অ+
অনলাইন ডেস্ক:
মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বেশ কিছুদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেই এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তারকা দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
গত বছরের ১ ডিসেম্বর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। গত সপ্তাহ থেকেই বিভিন্ন গণমাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এবার সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে সামান্থা নিজেই সুখবরটি নিশ্চিত করলেন। সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সামান্থা তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, শারীরিক কারণে খুব শিগগিরই তিনি একটি ছোট মাতৃত্বকালীন বিরতি (মেটারনিটি লিভ) নিতে যাচ্ছেন। এই ছবির কাজ পুরোপুরি শেষ করার পর কিছুদিনের জন্য ক্যামেরা থেকে দূরে থাকবেন, তবে বিরতি শেষে আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের মাঝে ফিরে আসবেন বলে কথা দিয়েছেন এই অভিনেত্রী। কীভাবে গুঞ্জনের শুরু? বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার খবর নিয়ে আলোচনা চলছিল। ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপন অনুষ্ঠানের কিছু ভিডিওতে ভক্তরা সামান্থার সম্ভাব্য ‘বেবি বাম্প’ লক্ষ করেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়। পরবর্তীতে এই সিনেমার পরিচালক নন্দিনী রেড্ডিও বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। সামান্থা ও রাজের রসায়ন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের কাজের সময় থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়, যা গত বছরের ডিসেম্বরে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইনতি বাঙ্গারাম’ ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন রাজ এবং পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। বক্স অফিসেও ছবিটি দারুণ ব্যবসা করছে। উল্লেখ্য, সামান্থা এর আগে দক্ষিণি তারকা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। চার বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে নাগা চৈতন্য অভিনেত্রী সোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। অতীতের সব ঝড় ও বিচ্ছেদ পেরিয়ে জীবনের এই নতুন অধ্যায়ে সামান্থার এমন সুখবরে আনন্দিত তাঁর কোটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। তথ্য: ইত্তেফাক/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more