বাউফলে নদীভাঙনের ঝুঁকিতে ৪ স্কুল ও বাহেরচর বাজার, পরিদর্শনে ইউএনও
Date: 2026-09-19
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২:১২ পি.এম
বাউফলে নদীভাঙনের ঝুঁকিতে ৪ স্কুল ও বাহেরচর বাজার, পরিদর্শনে ইউএনও
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে নদীভাঙনের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি কাছিপাড়া ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকাগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও নদীভাঙনের চরম ঝুঁকিতে থাকা কাছিপাড়া হিসাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চররঘুনাথদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী বাহেরচর বাজার এলাকা পরিদর্শন করেন।
এর আগে তিনি কাছিপাড়া ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে কাছিপাড়া চৌমুহনী বাজারে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম, উত্তর কাছিপাড়া ব্রিজ এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও।
নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে সালেহ আহমেদ বলেন, নদীভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে দ্রুত অবহিত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া নদীভাঙনের ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয়রা জানান, নদীভাঙনে কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনবসতি রক্ষায় দ্রুত স্থায়ী নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more