প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৪, ২০২৬, ৪:৪৪ পি.এম
বাউফলে তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়াল বিএনপি
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। দলটির উদ্যোগে ওই পরিবারের জন্য এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার
(৪ জুন) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম (মোস্তফা), সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুর রহমান (আসাদ), বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লুঙ্গি, গেঞ্জি, গামছা, মুড়ি, বিস্কুট, চানাচুর ও স্বাস্থ্যসামগ্রী। এসব সামগ্রী গ্রহণ করেন মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের বড় ভাই সুজন দাস। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন তিন প্রতিবন্ধী ভাই। সম্প্রতি তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় তরুণ অমিত দাস জানান, তিন ভাইয়ের অসহায় অবস্থার কথা জানার পর তিনি অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় ইতোমধ্যে প্রায় ৬ লাখ ৫৫ হাজার টাকা অনুদান সংগ্রহ হয়েছে। তিনি বলেন, তিন ভাইয়ের মানবিক পরিস্থিতি বিভিন্ন মহলের নজরে আসার পর উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সমাজের সচেতন ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দেওয়া সহায়তাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। উল্লেখ্য, তিন প্রতিবন্ধী ভাইয়ের দুরবস্থার খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাদের সহায়তা প্রদান করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more