পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন মাত্রা পায়। সেই চিরচেনা আবেগ এবার যেন নতুন রূপে ধরা দিল পটুয়াখালীর বাউফলে। প্রায় দুইশত ফুট দীর্ঘ আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা হাতে হাজারো সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মহাশোভাযাত্রা,
যা ইতোমধ্যেই স্থানীয় ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাউফল উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর আয়োজনে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল ৫০ফিটের বাংলাদেশের পতাকা ও দুইশত ফিটের আর্জেন্টিনার পতাকা। যা আয়োজনটিকে দিয়েছে ভিন্নমাত্রা। এছাড়া ব্যক্তিগত ও ব্যাটারীচালিত ইজিবাইক আর্জেন্টিনার রঙ্গে রঙ্গিন করে উপস্থিত হয়েছেন অনেক সমর্থক।
নীল-সাদা পতাকার সমুদ্র, ভুভুজেলার শব্দ, সমর্থকদের স্লোগান আর রঙিন স্মোক ফ্লেয়ারে পুরো বাউফল পৌর শহর পরিণত হয় এক টুকরো ফুটবল উৎসবে। নারী, শিশু, তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে রূপ দেয় জনউৎসবে। আয়োজকদের দাবি, অন্তত হাজার শিশু কিশোর ও প্রবীণরা এ শোভাযাত্রায় অংশ নেয়।
মিছিলে অংশ গ্রহনকারী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার বলেন, ফুটবল মানুষের আবেগ, আনন্দ ও ঐক্যের প্রতীক। বাউফলের মানুষ যেভাবে শৃঙ্খলা ও উৎসাহের সঙ্গে অংশ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।
শিক্ষক অহিদুজ্জামান সুপন বলেন, এ ধরনের আয়োজন শুধু একটি দলের প্রতি সমর্থন প্রকাশ নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনেরও বহিঃপ্রকাশ।
আয়োজকদের পক্ষ থেকে আশিকুর রহমান বলেন, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের ভালোবাসা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সাড়া আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।
সমর্থকগোষ্ঠীর আরেক সংগঠক সাজ্জাদুল ইসলাম সাজিদ বলেন, আর্জেন্টিনা দলের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। আমরা বিশ্বাস করি, এবারের বিশ্বকাপেও দলটি শক্ত অবস্থান তৈরি করবে।
স্থানীয় ব্যবসায়ী এ বাসিন্দার জানান, সাম্প্রতিক সময়ে বাউফলে এত বড় ক্রীড়াভিত্তিক জনসমাগম খুব কমই দেখা গেছে। বিশ্বকাপের আগমনী বার্তা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন এখন বাউফল উপজেলার মানুষের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।