বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
: পটুয়াখালীর বাউফল উপজেলার
দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর,
লুটপাট ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার
চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,
খাজুর বাড়িয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগম (৪৫), স্বামী হানিফ প্যাদা, একই
এলাকার কয়েকজনের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে
রয়েছেন রাসেল, রুবেল কাজী, আলম কাজী, রহিম কাজী, মাসুম, নাজমা বেগম, সুমা বেগম ও নাইম। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা
দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে
তারা গাছপালা কেটে নেওয়া, জমিতে জোর করে ঘর নির্মাণ এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন
করে আসছিল। অভিযোগে আরও বলা হয়, শুক্রবার
(১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে ভুক্তভোগীর জমিতে প্রবেশ করে
বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং সেখানে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময়
জমির গাছপালা কেটে নেওয়া ও পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগও করা হয়েছে। বিউটি বেগম জানান, তিনি
বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দা ও ছেনাসহ দেশীয় অস্ত্র
নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয় এবং
বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় অন্তঃসত্ত্বা
নারীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়,
বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে অংশ
নেয়নি। বরং তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি অব্যাহত রেখেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা
বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিচ্ছি। কেউ জরুরি সহায়তার জন্য
৯৯৯-এ ফোন দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।” তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more