পটুয়াখালীতে দেশীয় মদসহ যুবক আটক

Date: 2026-05-22
news-banner

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে দেশীয় মদসহ সুজন কর্মকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের গোরস্থান সড়কের পলি এক্স-রে অ্যান্ড প্যাথলজির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন কর্মকার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের মৃত সন্তোষ কর্মকারের ছেলে। তিনি বর্তমানে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার একটি স্বর্ণের দোকানে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাউফল থানার একটি টহল দল পৌর শহরের অনুষ্ঠান রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছে থাকা একটি বোতল থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মদ বৈধভাবে বহন বা সংরক্ষণের কোনো লাইসেন্স কিংবা অনুমতিপত্র আটক ব্যক্তি দেখাতে পারেননি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর টেবিল ২৪(ক) অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments