বাউফলে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

Date: 2026-03-09
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে বজলু শরীফ বলেন, “কষ্ট করে খেয়ে না খেয়ে কৃষিকাজ করে গরুগুলো লালন-পালন করেছি। কখনো ভাবিনি আমার কপালে এমন দুর্ভাগ্য লেখা আছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এত কষ্ট আর সহ্য করতে পারছি না।”JEKTMKg.jpeg
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো তিনি রাতের বেলায় তার ছাগলছানাকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে ওঠেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এ সময় তিনি একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান। গাড়িটি তার বাড়ির পাশের মূল সড়ক দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। এর আগেও এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই ঘরবাড়িতে চুরি, হাঁস-মুরগি, গরু-ছাগল চুরির মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোরকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি। ফলে চোরের উৎপাত নিয়ে এলাকাবাসী চরম আতঙ্ক ও ভোগান্তিতে রয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments