বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
স্বৈরাচার বিরোধী আন্দোলনের
বীর শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শহীদ সেলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
পটুয়াখালীর বাউফলে ‘শহীদ সেলিম দিবস’ পালিত হয়েছে।
দিবসটি পালনকল্পে শনিবার (২৮ ফেব্রুয়ারি)
সকালে নাজিরপুরস্থ শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের
আয়োজন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে
আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা আবু জাফর মোহাম্মদ
রফিকুল্লাহ। এসময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ সেলিমের
বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরবর্তীতে তার কবর
জিয়ারত করেন উপস্থিত সকলে।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি
তৎকালীন স্বৈরশাসন বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রাজপথে নেতৃত্ব
দিচ্ছিলেন সেলিম। ঢাকার ফুলবাড়িয়া এলাকায় মিছিলে পুলিশের ট্রাক তুলে দিলে ট্রাকের চাকায়
পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন তিনি।
শহীদ সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন এবং স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের
অন্যতম অগ্রসেনানী হিসেবে পরিচিত।
দিবসটিতে প্রতি বছর অত্যন্ত
শ্রদ্ধার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শহীদ সেলিম ট্রাস্ট, নাজিরপুরের শহীদ
সেলিম স্মৃতি মহিলা মাদ্রাসা এবং তার পরিবার দিবসটি পালন করে আসছে।
দিবসটির আলোচনা সভায় বক্তারা
তাদের বক্তব্যে বলেন, শহীদ সেলিমের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে
এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।