বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date: 2026-04-27
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
“জাতীয় পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পুষ্টিগুণসমৃদ্ধ খাবারের গুরুত্ব, খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং রোগমুক্ত সুস্থ জীবন গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় খাবার, ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক এবং সুষম খাদ্যাভ্যাস নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও ঝুঁকিমুক্ত জীবনযাপনের বিষয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা পুষ্টিগুণসমৃদ্ধ ফল ও সবজি নিয়ে চিত্রাঙ্কন করে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সুষম খাদ্যের মডেল এবং খাদ্য পিরামিড বিষয়ক চিত্র উপস্থাপন করে। এছাড়া কয়েকজন শিক্ষার্থী পুষ্টি বিষয়ক রচনায় অংশ নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও সমাজকর্মীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের সর্বস্তরে সুষম খাদ্যের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়া সকল অংশগ্রহণকারীদেরও পুরস্কারের আওতায় আনার কথা জানিয়েছেন আয়োজকরা।

s6mL6mO.jpeg

Leave Your Comments