বাউফলে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

Date: 2026-05-04
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান বাবু (২০) বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা বাসস্ট্যান্ড থেকে রাত ১০টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল্লাহ (৩৬), ইব্রাহিম (৪০), যুবায়ের (৩৫), আশিকুর রহমান (২১), রাকিব হাসান (২৮) ও আবু তাহের গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একজন যাত্রী জানান, বাসটি হঠাৎ কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে পড়ে যায়। তার আশঙ্কা, বাসের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে। উদ্ধারকাজ চলমান রয়েছে।

Leave Your Comments