বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের
মাঝে টিন ও নগদ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা
প্রশাসনের উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পটুয়াখালী ২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে
উঠে ন্যায্য ব্যক্তিকে তার প্রাপ্য দেওয়ার পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এখানে দল করার কারণে
কেউ পিছিয়ে থাকবে না এবং কেউ অতিরিক্ত সুবিধাও পাবে না। সবাই মিলে ভালো থাকলে একসঙ্গে
থাকবো, আর কোনো বিপদ-মুসিবত এলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকায় একটি ঘর নির্মাণ
করা সম্ভব নয়। এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রাথমিক সহায়তা মাত্র। সরকার যেমন
সহায়তার হাত বাড়িয়েছে, তেমনি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও ক্ষতিগ্রস্তদের
পাশে দাঁড়াতে হবে। ড. মাসুদ বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ ঘর টিন দিয়ে নির্মিত হওয়ায়
অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অনেক সময় ঘরবাড়ি পুড়ে যায়। তাই ফায়ার
সার্ভিসকে আরও দ্রুত ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাউফলের উত্তরাঞ্চলে একটি
পৃথক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, উপজেলা
জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা যুব বিভাগের আমির মো. রেদওয়ান উল্লাহ
মাস্টার, পৌর আমির মাওলানা মুহাম্মদ সেলিমুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত
১০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more