বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১
Date: 2026-03-26
অ-অ+
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে
বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতি
ও মারধরের ঘটনা ঘটেছে। এতে কালাইয়া ইউনিয়ন জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ
ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে দুই দলের
নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে
রূপ নেয়। পরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ
মিলু এবং বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনুষ্ঠানে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতের আমীর মাওলানা
ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “মাঠের অনুষ্ঠানে সামনের
সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। প্রশাসনের
হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনো পক্ষের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ
পাওয়া যায়নি।”
সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, “দুই পক্ষের মধ্যে সামান্য
ভুল বোঝাবুঝি হয়েছিল। উভয় দলের নেতাকর্মীদের সহযোগিতায় তা দ্রুত মিটে যায়। এতে মূল
অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “সকল অতিথির জন্য পর্যাপ্ত
চেয়ার ছিল। কাছাকাছি বসা নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছিল, তা ঘটনাস্থলেই নিষ্পত্তি করা
হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more