বাউফলে স্বামীর মৃত্যুর পর শ্বাশুড়ির নির্যাতন; থানায় লিখিত অভিযোগ
Date: 2026-05-10
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি; পটুয়াখালীর বাউফল উপজেলায়
স্বামীর মৃত্যুর পর এক গৃহবধূকে মারধর, হুমকি ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে
শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের
করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,
উপজেলার বাউফল ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা মোসাঃ সুমাইয়া বেগম রুপা তার শ্বশুরবাড়ির
কয়েকজন সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ
করেন, প্রায় ১১ বছর আগে ইসলামী শরীয়ত ও কাবিনমূলে শহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
সংসারে তিন সন্তানের জন্ম হলেও একটি সন্তান মারা যায়। তার স্বামী টাইলস মিস্ত্রির কাজ
করতেন এবং প্রায় এক বছর আগে মারা যান। ভুক্তভোগীর দাবি, স্বামীর
মৃত্যুর পর থেকেই শাশুড়িসহ পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। তাকে
ভরণপোষণ না দেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ, মারধর এবং ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগও
করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, বিবাদীদের
একজন তাকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দিতেন। এতে বাধা দিলে গত ৪ মে দুপুরে পারিবারিক
বিষয় নিয়ে বিরোধের জেরে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন
স্থানে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আরও দাবি করেন,
তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং শ্বশুরবাড়িতে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে
তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more