বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্র্যাকের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগির বাচ্চা, সেলাই মেশিন এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার একটি অনুষ্ঠানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির অর্থায়নে ‘স্বপ্ন সারথী’ কিশোরীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের বিভাগীয় হিসাব ব্যবস্থাপক সুব্রত চন্দ্র শীল, এলাকা ব্যবস্থাপক (দাবি+) জহুরুল আলম, লিটন কুমার শীল, মো. শাহীন হোসেন এবং মো. আজমল হোসেন। এছাড়া স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বপ্ন সারথী কিশোরীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ১১ জন কিশোরীর মধ্যে ২২০টি হাঁসের বাচ্চা, ২৫ জন কিশোরীর মধ্যে ৫০০টি মুরগির বাচ্চা এবং দুইজন কিশোরীর মধ্যে দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে নগদ ২ হাজার ৬০০ টাকা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
প্রধান অতিথি ও ব্র্যাকের কর্মকর্তারা সুবিধাভোগী কিশোরীদের হাতে উপকরণ তুলে দেন।
বক্তারা বলেন, কিশোরীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের সহায়তা কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
আয়োজকরা জানান, স্বপ্ন সারথী কর্মসূচির আওতায় কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।