প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ১:০৮ পি.এম
বাউফলে ছাত্রদল সভাপতি ফাহাদ কারাগারে
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরশহরে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর-৮৯/২৬ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফাহাদ। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, মামলার পূর্বনির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে ফাহাদ জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজসংলগ্ন এলাকায় তরমুজ ব্যবসায়ী আল আমীন মৃধাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৭ মার্চ আল আমীনের বড় ভাই ফজলুল হক মৃধা বাদী হয়ে আবদুল্লাহ আল ফাহাদসহ সাতজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ব বিরোধের জেরে ফাহাদ তার সহযোগীদের নিয়ে বাদী, তার ভাই এবং তাদের সহযোগীদের ওপর হামলা চালান। একপর্যায়ে অভিযুক্তরা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেন। হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।" মামলায় বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more