বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে
জমি দখলকে কেন্দ্র করে রাতের আঁধারে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়
দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার কারখানা এলাকার
সিকদার বাড়িতে সোমবার (৪ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মো. খোরশেদ আলম ও মো. জালাল
সিকদারের পৈত্রিক জমিতে জোর করে ঘর নির্মাণ করা হয়। এ ঘটনায় একই বাড়ির মো. লতিফ উদ্দিন
সরদার ও মো. সুলতান চৌকিদারসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. জালাল সিকদার বলেন, প্রতিবেশীরা
দলবদ্ধ হয়ে রাতের আঁধারে তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন। বাধা দিতে গেলে তাকে
মারধর করা হয়। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
লতিফ উদ্দিন সরদারের ছেলে শফিক সরদার বলেন, তারা দিনের বেলায় ঘর নির্মাণ শুরু করেন,
সন্ধ্যা হয়ে যাওয়ায় কাজ শেষ করতে দেরি হয়। এ কারণেই প্রতিপক্ষ রাতের আঁধারে ঘর নির্মাণের
অভিযোগ তুলছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত
সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন
ধরে ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে। নতুন করে ঘর নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও
উত্তপ্ত হয়ে উঠেছে।