বাউফলের ৬৬ পূজামণ্ডপে ব্যক্তিগত অনুদান দেবেন হুমায়ুন কবির
Date: 2026-09-19
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৭:২৫ এ.এম
বাউফলের ৬৬ পূজামণ্ডপে ব্যক্তিগত অনুদান দেবেন হুমায়ুন কবির
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৬টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাউফল উপজেলা শাখার আয়োজনে শারদীয় শুভেচ্ছা ও বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
হুমায়ুন কবির বলেন, “এটা সাম্প্রদায়িকতার বাংলাদেশ নয়, এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করব।” এবারের দুর্গাপূজা বিগত বছরের তুলনায় আরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাউফল উপজেলার ৬৬টি পূজামণ্ডপে নিজস্ব উদ্যোগে অনুদান দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
একই সঙ্গে দুর্গাপূজায় সরকারি অনুদানের পরিমাণ আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভা উদ্বোধন করেন বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বাবু জীবন কৃষ্ণ সাহা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজল বরণ দাস। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু কৃতিবাস পাল বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা বাবু অধীর রঞ্জন দাস, বাবু পরিমল কুমার রায় ও বাবু রনজিৎ চন্দ্র সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুমায়ুন কবির সবার মঙ্গল, শান্তি ও সম্প্রীতি কামনা করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more