বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
নভেম্বর ০৯, ২০২৬, ৪:১৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৯, ২০২৬, ৪:১৭ এ.এম
বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত এজাহার দিয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাউফল থানার সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড় জমে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডের আল-ফাহাদের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আপেল মাহমুদ ফিরোজের দাবি, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ৬০ হাজার ৫০০ টাকা নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগ করেন তিনি। ওই টাকা অসহায় মানুষের জন্য চাল কেনার উদ্দেশ্যে সঙ্গে রেখেছিলেন বলেও জানান তিনি।
খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিন বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাসপাতাল রোড অতিক্রমকালে ব্যানারের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আপেল মাহমুদ ফিরোজ ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিকেলের ওই ঘটনার জের ধরেই রাতের হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে আলতাব হোসেন মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আপেল মাহমুদ ফিরোজ বলেন, গরিব মানুষের জন্য চাল কিনতে বাজারে যাওয়ার পথে সাদিকের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর থেকে বাউফল থানার সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা যায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more