বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মোবাইল কোর্ট, বিচ্ছিন্ন হতে পারে সংযোগ
নভেম্বর ০২, ২০২৬, ১১:২২ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০২৬, ১১:২২ এ.এম
বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মোবাইল কোর্ট, বিচ্ছিন্ন হতে পারে সংযোগ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর অবস্থানে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ৯০ দিন বা তার বেশি সময় ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করা ৪ হাজার ৯২৫ গ্রাহকের কাছে প্রায় ১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮০৪ টাকা বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী বুধবার (৪ নভেম্বর) থেকে এ অভিযান শুরু হবে। পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল কোর্টের অভিযানের সময় বকেয়া বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে না। তাই সংযোগ বিচ্ছিন্নের মতো পরিস্থিতি এড়াতে গ্রাহকদের আগেই বকেয়া বিল পরিশোধ করে পরিশোধের রসিদের কপি সংযোগস্থলে সংরক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।
বাউফল জোনাল অফিসের প্রধান মো. আজিজুল ইসলাম বলেন, বাউফলে বিদ্যুৎ বিলের মোট বকেয়া ৪ কোটি টাকার বেশি। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে বিল পরিশোধ করছেন না। এ ছাড়া বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। অবৈধ সংযোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হলেও বকেয়া বিল আদায়ে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রাহকদের প্রাথমিকভাবে চিঠি দিয়ে বকেয়া বিল পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অভিযানকালে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ সচল রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more