প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৪:৫৪ এ.এম
বিশ্বকাপ উন্মাদনা দেখতে আর্জেন্টিনা থেকে ঢাকায়
অ-অ+
অনলাইন ডেস্ক: ১৭,০০০ কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব, ভিন্ন ভাষা আর ভিন্ন সংস্কৃতি—কোনো কিছুই
বাধা হতে পারেনি আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যকার এক অভূতপূর্ব ফুটবল মেলবন্ধনে। বাংলাদেশের
এই চিরচেনা বিশ্বকাপ উন্মাদনা ও আকাশী-সাদা সমর্থকদের ভালোবাসা স্বচক্ষে দেখতে বাংলাদেশে
নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে ঢাকায় পা রেখেছে দেশটির
একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রখ্যাত ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান ল্যান্ডের
(রুলো) নেতৃত্বে এই বিশেষ দলে রয়েছেন মানুয়েল হাভিয়ের, মার্তিন দে এসকালাদা, মার্তিনা
জোয়ে ও সান্তিয়াগো কোন্দের মতো সৃজনশীল ব্যক্তিত্বরা। রবিবার সকালে বিমানবন্দর থেকে
নামার পর ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে ওড়ানো আর্জেন্টিনার পতাকার সমুদ্র দেখে তাঁরা আবেগাপ্লুত
ও মুগ্ধ হয়ে পড়েন। ড্যান ল্যান্ডে জানান, ফুটবল নিয়ে উৎসবের আসল আমেজ ও অনুভূতির খোঁজে
বাংলাদেশে আসাই ছিল তাঁর মূল লক্ষ্য, কারণ বাংলাদেশের মানুষের এই নিঃশর্ত ভালোবাসা
আর্জেন্টিনার সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আগামী ২৯ জুন পর্যন্ত চলা এই সফরে
প্রতিনিধি দলটি পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকা
ঘুরে দেখার পাশাপাশি ২৪ জুন বাংলাদেশি ভক্তদের সাথে লিওনেল মেসির জন্মদিন উদযাপন করবেন
এবং বড় পর্দায় খেলা উপভোগ করবেন। আর্জেন্টিনা দূতাবাসের মতে, ফুটবল উন্মাদনা ছাপিয়ে
সাধারণ জনগণের স্তরের এই আন্তরিক সম্পর্ক আগামী দিনে দুই দেশের পর্যটন, দ্বিপাক্ষিক
বাণিজ্য ও ক্রীড়া কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তথ্য: প্রথম আলো/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more